স্টাফ রির্পোটার : :
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ থেকে পৃথক পৃথক ভাবে প্রতিমা বিসর্জন করা হয়।
দশমীর সকাল থেকেই পূজামণ্ডপ গুলোতে বেজে ওঠে দেবী দুর্গার বিদায়ের রূদয় বিদারক সুর।
ভক্তদের অংশগ্রহণে আচার-অনুষ্ঠান শেষে দুপুর থেকে শুরু হয় প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা।
এ বছর জগন্নাথপুর উপজেলায় মোট ৩৯টি পূজামণ্ডপে শান্তিপূর্ন ভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টার পর থেকে কুশিয়ারা, নলজুর ও বরাগাঙ্গ নদীসহ উপজেলার বিভিন্ন নির্ধারিত স্থানে প্রতিমা বিসর্জনের কাজ সম্পন্ন করা হয়।
হিন্দুধর্মীয় রীতি অনুযায়ী, বিজয়া দশমীতে দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যান। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের ভেতরের অসুরিক প্রবৃত্তি-কাম, ক্রোধ, হিংসা ও লালসা পরিত্যাগ করাই বিজয়া দশমীর মূল শিক্ষা। পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার বার্তাও বহন করে এ উৎসবের মাধ্যমে।
প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন ও নিরাপদ করতে উপজেলা ও থানা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পেরে স্ব-স্ব কমিটির আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন।
Leave a Reply