স্টাফ রির্পোটার ::
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার পল্লীতে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার (২৬ সিডেম্বর) রাত ৩ টায় উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত উস্তার আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী মাসুক মিয়া ও শামছুন নূরের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
অস্ত্রধারী ডাকাত দল হানা দিয়ে ২১ভরি ওজনের স্বর্ণালঙ্কার, মোবাইল সেটসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে ।
এসময় ডাকাতদের হামলায় নারীসহ পরিবারের ৫ জন আহত হন।
আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ৩টায় জালালপুর গ্রামের প্রবাসীর বাড়ির গেট ও দরজা ভেঙ্গে ১০/১২ জনের অস্ত্রধারী ডাকাত সদস্যরা ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে । এসময় একই ভবনে থাকা হাসনাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন মোঃ মহসিন ও ইতালী প্রবাসী সেলিম আহমদের রুমে হানা দিয়ে ৩টি প্রায় ২১ ভরি স্বর্ণালঙ্কার, ২টি মোবইল ফোন, আড়াই লাখ টাকা সম-মুল্যের পাউন্ড ও ডলার, নগদ ৯৩ হাজার টাকাসহ ২২ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাত দলের তান্ডবে বাড়ির লোকজনের চিৎকারে গ্রামের লোকজন মসজিদের মাইকে ডাকাতের খবর প্রচার করলে গ্রামবাসী এগিয়ে এসে ধাওয়া করে ৪ ডাকাতকে আটক করে।
তাদের কাছ ৩ রাউন্ড গুলিসহ একটি দেশীয় পাইপগান ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে আটককৃত ডাকাতদের থানা পুলিশের কাছে সোপর্দ করেন গ্রামবাসী।
জনতার হাতে আটককৃত ডাকাতরা হলেন ওসমানীনগর থানার তাজপুর ইউনিয়নের রবিদাস (পালপাড়া) গ্রামের আলিম উল্লার ছেলে সাইফুল ইসলাম সফিক (২৩) ও একই থানার গোয়ালাবাজার ইউনিয়নের কালাসরা (দত্তগাম) গ্রামের মৃত সফর উল্লার ছেলে আনফর আলী আনহার (২৪), জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের চক তিলক গ্রামের বেলায়েত আলীর ছেলে লাল মিয়া জুয়েল (২৯) ও একই ইউনিয়নের জামালপুর (রৌডর) গ্রামের মৃত শহিদ উল্লার ছেলে সাইফুল মিয়া (২৫)।
স্থানীয় জনতার ধাওয়ায় অন্য ডাকাতরা আগ্নেয়াস্ত্র উচিয়ে ফায়ার করে মালামালসহ দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ডাকাতদের হামলায় আজাদ মিয়া, সামছুল আলম শাহিন, মাজেদা বেগম ও শিক্ষিকা সুলতানা আক্তার বিউটিসহ আহত ৫ জনকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান বলেন, খবর শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে । এ ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply