ডেস্ক রিপোর্ট ::
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আমরা চাই সরকার প্রধান ও তার নিয়োগ কর্তারা ক্ষমতা ছেড়ে রাজনীতিতে আসুক। জনগণ যদি তাদের গ্রহণ করে আমরা গ্রহণ করবো। এই মুহুর্তে অবাস্তব সংস্কার চাই না। নির্বাচিত সরকার ছাড়া কেউই সংস্কার করতে পারবে না।
আমাদের কর্মসূচীতে বাঁধা দেওয়া হচ্ছে, নেতাকর্মীদের উপর হামলা, মামলা ও নির্যাতন চলছে। আমরা আর অন্যায় অত্যাচার সহ্য করবো না।
আপনারা দেশের অর্ধেক মানুষের প্রতিনিধিত্বকারী দলগুলোর ভোটাধিকার দিতে চান না,কেড়ে নিতে চান, আমরা আপনাদের ঐ চিন্তার ধার ধারি না। আমরা এদেশের সন্তান, এদেশের জন্য আমাদের ত্যাগ আছে। এদেশের জন্য আমরা কাজ করেছি, ভবিষ্যতেও কাজ করে যাবো।
দেশের মানুষ যদি আমাদের গ্রহণ না করে আমরা মাথা পেতে নেব, কিন্তু আপনারা আপনাদের সুবিধার জন্য আমাদের রাজনীতিতে বাঁধাগ্রস্ত করবেন তা কখনো মেনে নেব না।
তিনি আরো বলেন, কোন ফ্যাসিবাদি সিদ্ধান্ত আমরা দেখতে চাই না। যতদিন পর্যন্ত নব্য ফ্যাসিবাদ বিতারিত না হবে, ততদিন আমাদের সংগ্রাম চলবে।
যেহেতু আপনি অন্তর্ভূক্তিমূলক নির্বাচন করতে পারছেন না, দয়া করে আপনি বিদায় হোন। যেখান থেকে এসেছেন সেখানেই চলে যান।
আজ বৃহস্পতিবার বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে মহান মে দিবস (২০২৫) উপলক্ষে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, ড. মোহাম্মদ ইউনুস আমাদের সম্মানের পাত্র, তিনি আমাদের মাথার মুকুট। আপনি যেখানে ছিলেন সেখানেই থাকেন। আপনি চলে যান, আপনাকে দিয়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব হবে না। আপনার দ্বারা কোন সংস্কার আমরা বিশ্বাস করি না। যারা সংস্কার করছেন, তারা বাংলাদেশের প্রেক্ষাপট জানেন না। আপনারা সংস্কার প্রস্তাবগুলো টেবিলে রেখে যান, পরবর্তী নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তারাই সংস্কার করবে। এই মুহুর্তে আমরা সংস্কার চাই না। সরকার প্রধান হিসেবে আপনার উপরে আমাদের কোন আস্থা নেই, আমরা আপনাকে চাই না।
তারা যে সংস্কারের কথা বলছে, তা বাস্তবায়নযোগ্য নয়। তারা যে নতুন দল করেছে তা পুরনো স্টাইলেই আগাচ্ছে। চাঁদাবাজি ও শোডাউনের রাজনীতি করতে গিয়ে তারা কাকের গায়ে ময়ুয়ের পালক লাগিয়েছে। তারা দেশের পরিবর্তনের জন্য কোন কাজ করছে না।
এ সময় দলের সিনিয়র কো চেয়ারম্যান, কো চেয়ারম্যানবৃন্দ, মহা-সচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠন সমুহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply