সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) বিকাল ৫ টায় ইউনিয়নের হুগলীপাড়া একরামিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আদেলুর রহমান আদেল।
সম্মানিত আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাকের পার্টির নীলফামারী জেলা সভাপতি লানচু হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জাপা’র আহ্বায়ক ঠিকাদার আলহাজ্ব জয়নাল আবেদীন, সদস্য সচিব জি এম কবির মিঠু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ।
সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিতে ইউনিয়ন জাপা’র সভাপতি মনোনীত হয়েছেন নাজিমুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে দুইজনের নাম প্রস্তাব করা হয়।
এতে ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ অধিকাংশ সদস্যরা হাত তুলে জিয়াউর রহমানের প্রতি সমর্থন ব্যক্ত করেন। ফলে তাকে সাধারণ সম্পাদক এবং এমদাদুল কে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষনা করেন প্রধান অতিথি জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আদেলুর রহমান আদেল এমপি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ ছিলেন দেশের অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষের প্রতি অত্যন্ত দয়াবান এবং দায়িত্বশীল। সেই কারনে তিনি কৃষক শ্রমিক মজুর কামার কুমার ও গ্রামের সহজ সরল মানুষগুলোকে নিয়ে গড়ে তুলেছিলেন এই সংগঠন। শহরে রাজনীতি নয় তিনি করতেন গ্রামবাংলার রাজনীতি।
এমপি আদেল বলেন, বাংলাদেশের উন্নয়নের পথিকৃৎ এইচ এম এরশাদের মূল উদ্দেশ্যই ছিল তৃনমূল পর্যায়ে শহরের মত করে উন্নত সুযোগ সুবিধা নিশ্চিতের মাধ্যমে সমভাবে মানুষের জীবন মানের উন্নয়ন সাধন করা। এজন্যই তিনি বলেছিলেন “৬৮ হাজার গ্রাম বাঁচলে, বাংলাদেশ বাঁচবে।” তাঁর এই মনোভাব এবং সে অনুযায়ী জনগনের সুখেদুঃখে গ্রামেগঞ্জে ছুটে গিয়ে সহায়তা প্রদানের নজির রাখায় ‘পল্লীবন্ধু’ উপাধিতে ভুষিত করেছে দেশবাসী।
একইভাবে তিনি ছিলেন ইসলামপ্রিয় নেতা। তাই তিনি রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষণা দিয়েছিলেন। শুক্রবার সাপ্তাহিক ছুটি এবং মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ করেছিলেন। তাঁর সেই জনদরদী চেতনা ও ইসলামী আদর্শ ধারণ করে আমরা জাপা’র সৈনিক হয়ে জনসেবায় নিয়োজিত আছি। স্থানীয়ভাবে জাতীয় পার্টিকে শক্তিশালী করে জাপাকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চাই। তিনি মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদককে সহযোগীতার আশ্বাস দিয়ে বলেন সবাইকে নিয়ে জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে হবে।
Leave a Reply